Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

admin • 07 Feb 2026, 12:07 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বকশীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু নেতাসহ বিভিন্ন দলের কর্মীরা দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে নবাগতদের রজনীগন্ধা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

 

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম।

 

এ ছাড়া ইসলামী আন্দোলনেরও বিপুলসংখ্যক নেতা-কর্মী এ সময় দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের ১১ দলীয় সমর্থিত জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী। তিনি বলেন, মানুষ এখন নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছে। এই যোগদান বকশীগঞ্জে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।

 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান), উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন।

 

যোগদানকারী নেতারা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমাদের মনে হয়েছে, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সঠিক ভূমিকা রাখছে। সেই লক্ষ্য থেকেই আমরা একাত্ম হলাম।

 

বকশীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন বলেন, তরুণ প্রজন্মসহ বিভিন্ন পেশার মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এটি তাঁদের সাংগঠনিক কার্যক্রমকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।