জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলে মন্টু ব্যাপারীও মারা গেছেন। রবিবার ভোর সকালে বাবা আহাদ আলী বেপারীর মৃত্যুর এক ঘন্টা পর ছেলের মৃত্যু হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী জোকা ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ব্যাপারী পাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় শেষে বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। বাবাকে জীবিত ভেবে তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী (৩২) গাড়ি খোঁজার জন্য বের হয়।
পরে গাড়ি নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুতে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে। বাদ জোহর তাদের জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, রবিবার ফজর নামাজ আদায় করে আহাদ আলী বাড়ী ফেরার সময় হার্ট অ্যাটাক করে। বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে তার চিকিৎসার জন্য গাড়ি খুঁজে আনেন ছেলে মন্টু। কিন্তু বাড়ি ফিরে দেখেন বাবার মৃত্যুর হয়েছে। বাবার মৃত্যুতে ছেলে মিন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।





