জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. বছির উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা ভুক্তভোগী কিশোরীকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বছির উদ্দিন জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্ত বছির উদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান অভিযুক্ত। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১০ জুন দুপুরে টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষ*ণ করেন তিনি। পরবর্তীতে বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তা প্রত্যাখ্যান করেন।
এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে ২০১৫ সালের ২৫ জুন বকশীগঞ্জ থানায় বছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষ*ণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে আদালত এই রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, “দীর্ঘদিন পর ন্যায়বিচার পেল ভুক্তভোগী। এ রায় নারীদের অধিকার রক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”





