জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মুরাদ মন্ডল পোল্যাকান্দি ব্রিজ বাজারের কাচামাল দোকানদার ও ওই গ্রামের জহুরুল হক মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলার ব্রিজবাজার এলাকার মুরাদ মন্ডলের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রথমে ঘরে প্রবেশ করে।
এ সময় অস্ত্রের মুখে বাড়িতে থাকা লোকজন কে জিম্মি করে হাত-পা বেঁধে, ঘরে থাকা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তারা ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, পোল্যাকান্দি ব্রিজ বাজার এলাকায় ডাকাতির কথা শুনেছি। ডিবি পরিচয়ে ডাকাতেরা ঘরে ঢুকে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ ব্যাপারে এখনও অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





