জামালপুরের মেলান্দহে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পথচারীদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত ৩ আসামীকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার জটিয়ারপাড়া দাঁতভাঙ্গা ব্রীজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিন যুবক, জেলার মাদারগঞ্জ উপজেলার বালীজুড়ি পশ্চিমপাড়া এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মো: লাবণ্য (২৩) ওই এলাকার মোঃ আলা উদ্দিনের ছেলে শেখ আকাশ (২১) ও মোঃ জুয়েল মিয়ার মোঃ জুবাইদুর রহমান ওরফে খোকন (২৫)।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ২৫ জানুয়ারি বিকেলে দাঁতভাঙ্গা নদীর উপর গীতিকার নজরুল ইসলাম বাবু (দাতভাঙ্গা) সেতু এলাকায় দর্শনার্থী রাসেল মিয়াকে ফাঁদে ফেলে টাকার দাবি করে। টাকা না দিলে মামলায় ফাসানোর ভয় দেখায়। অবশেষে রাসেল মিয়ার কাছে থাকা ২ হাজার ৫শ’ টাকা এবং মোবাইল কেড়ে নেয়। এ নিয়ে হইচই শুরু হলে অন্যান্য দর্শনার্থী এবং পথচারিরা ডিবি পরিচয়ধারীদের আটক করে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫শ’ টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়। ওদিকে ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে ভূক্তভোগী মেলান্দহ উপজেলার শিহুরী গ্রামের আবু হানিফের ছেলে রাসেল আহমেদ (১৯) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মাদ বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে তারা দাঁতভাঙ্গা ব্রীজে চাঁদাবাজি করছিল। তাদের আচরণ দেখে মানুষের মাঝে সন্দেহ জাগলে তাদের তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
তিনিও আরও বলেন, এঘটনায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজি করার নগদ ২৫০০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।





