জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তারা মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে ওই তিনজন মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ করছিলেন।
বিষয়টি নজরে এলে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকায় তাদের আটক করে। পরে কয়ড়া বাজারে নিয়ে গিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
তবে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, পুরো বিষয়টি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যিনি স্থানীয়ভাবে আমাদের কর্মীদের আটক করেছেন, তিনি আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা রয়েছে। পাশাপাশি নির্বাচনী এজেন্ট নিয়োগেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।





