জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয় ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (০৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মালিররচর নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে একটি মাদক বিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞেসাবাদে সে ছাত্রলীগের কর্মী বলে জানা যায়। এসময় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিলো। সেখানে ছাত্র-জনতার সাথে সেও প্রবেশ করে। পরবর্তীতে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পেয়েছি। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়কের সাথেও কথা বলার প্রমান পেয়েছি। তাকে আটক করা হয়েছে৷ বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধী রয়েছে।





