Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

admin • 11 Sep 2025, 11:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

জামালপুর সদর উপজেলায় তিন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে সজল মিয়া (৩৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত শহীদ পিংকি এ দণ্ডাদেশ দেন।
এর আগে, গত বুধবার ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।
দণ্ডপ্রাপ্ত যুবক সজল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে তারা উল্লেখ করেন, সজল প্রায়ই বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের হয়রানি করতেন। এর আগে একাধিকবার মৌখিকভাবে প্রতিকার চাওয়া হলেও তাতে কোনো ফল মেলেনি।
বৃহস্পতিবার সকালে আবারও কয়েকজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সজলকে থানায় নিয়ে গেলে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন ও প্রধান শিক্ষক সুমনুর রহমান।

শিক্ষার্থীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এর মাধ্যমে এলাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে এবং বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।