জামালপুরের মেলান্দহ উপজেলায় স্থানীয় উন্নয়নকল্পে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আগপয়লা উত্তরপাড়া রাজা মন্ডল বাজারে এ সভার আয়োজন করে আগপয়লা উত্তরপাড়া, সিড়িঘাট তেঘরিয়া ও পাথালিয়া এলাকাবাসী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সুকুমার চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম এহসানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, প্রবাসী এবং তরুণ প্রজন্মকেও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে আসতে হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত সমাজ পাবে।”
তিনি আরও আশ্বাস দেন, এলাকার সার্বিক উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাকিরুল ইসলাম মিন্টু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর শরাফত আলী ফারাজী, শামছুল হক কিন্ডারগার্টেনের পরিচালক মাও. মো. হারুনুর রশিদ ও পয়লা বানিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. জিয়াউল হক।
এছাড়া বক্তব্য দেন সাংবাদিক শাহ জামাল, সিড়িঘাট তেঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল বারী, জেলা ছাত্রশিবির সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সভায় বক্তারা এলাকার অবকাঠামোগত সমস্যা বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দাবি জানান।
তারা বলেন, এসব মৌলিক সমস্যার দ্রুত সমাধান হলে এলাকার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।





