জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (১২ জুলাই) দুপুরে নরুন্দি বাজার ভূমি অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলী আক্কাস, রেজাউল করিমসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নামজারি, খাজনা ও দাখিলাসহ বিভিন্ন সেবায় ঘুষ ছাড়া কাজ করেন না ওই কর্মকর্তা। তার দুর্নীতির কারণে ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যপারে জামালপুর সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ওই কর্মকর্তার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমী আক্তার জানান, ওই কর্মকর্তার ব্যপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে এ বিষযে ব্যবস্থা নেয়া হবে।





