Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ

admin • 23 Feb 2026, 03:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) ও বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে অসহায় ও মরণাপন্ন রোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৫০ জন রোগীর হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলতৈল গ্রামের জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আবু জোবায়ের বলেন, দীর্ঘদিন ধরে তারা প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের মাধ্যমে মরণাপন্ন রোগীদের পাশে দাঁড়িয়ে আসছেন। রোগীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং সাধ্যমতো সহযোগিতা করা হয়। এবার ৫০ জন রোগীর প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ইফতার প্যাকেজ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী বলেন, প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম সমাজের অবহেলিত ও মরণাপন্ন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরএফের এ উদ্যোগ প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী। ইফতার সামগ্রী পেয়ে প্যালিয়েটিভ কেয়ারের রোগী হাসনা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, তার কোনো ছেলে নেই, নাতিকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। এ সহায়তা তার জন্য অনেক বড় পাওয়া।

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, অসহায় ও মরণাপন্ন রোগীদের নিয়মিত সেবাদানের এ উদ্যোগ শুধু স্থানীয় নয়, বৃহত্তর পরিসরেও উদাহরণ হতে পারে। অনুষ্ঠানে রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। যেসব রোগীর প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি, তাদের বাড়িতে স্বেচ্ছাসেবীরা ইফতার সামগ্রী পৌঁছে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।