Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থিতা ঘোষণা করলেন সিদ্দিক শুভ

admin • 29 Sep 2025, 09:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থিতা ঘোষণা করলেন সিদ্দিক শুভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

 

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। প্রার্থীতা ঘোষণাকালে সিদ্দিকী শুভ বলেন, “দেশের মানুষ এখন তরুণ নেতৃত্বের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। দীর্ঘদিন ধরে জনসেবা করছি। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি, হুমকি-ধামকিও পেয়েছি। আমার বিশ্বাস, তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন—এমনটাই জনগণও বলছে।”

 

তিনি আরও বলেন, “অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই আমার মূল লক্ষ্য। মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন, দারিদ্র্যমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ। জনগণের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, বরং সুযোগ পেলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

 

রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি। সংবাদ সম্মেলন শেষে ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদল নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহমেদ, সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক মানুষ।

 

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।