দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে নির্বাচনের শুরুতেই ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীদের পক্ষ থেকে অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন এবং ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনি দায়িত্বে মোট ২১ জন প্রিজাইডিং অফিসার, ৬৭ জন পোলিং অফিসার এবং ৬৭ জন সহযোগী পোলিং অফিসার কাজ করছেন। নির্বাচন কমিশন মনিটরিং সেলের সদস্য অধ্যাপক ফজলুল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবাসিক ক্যাম্পাস হওয়ায় শিক্ষার্থীরা নিজ নিজ হলেই ভোট প্রদান করছেন।
এদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ শাদি হাসান অভিযোগ করে বলেন, প্রশাসন শুরু থেকেই ছাত্রশিবির প্যানেলের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে উদাসীন। তার দাবি, জাকসু নির্বাচনের পরিবেশ শিবিরের প্রার্থীরা বানচাল করার চেষ্টা করছে।
অন্যদিকে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহও পাল্টা অভিযোগ করেছেন। গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন আরিফুজ্জামান উজ্জ্বল।





