সারাদেশের মধ্যে জন্ম নিবন্ধনে প্রথম হয়েছে পঞ্চগড় জেলা। জানা গেছে, গত ৫ আগস্টের আগে জন্ম নিবন্ধনে এই জেলা ৬৩তম অবস্থানে ছিলো। জুলাই বিপ্লবের পর নতুন জেলা প্রশাসনের তত্বাবধানে কাজের গতি বেড়ে যায়। এর ফলে সেপ্টেম্বরে ৩০, অক্টোবরে ১৮, নভেম্বর মাসে বাংলাদেশে রেকর্ড অর্জন করে এই জেলা প্রথম স্থান অধিকার করে।
স্থানীয়রা বলছেন, ভোগান্তির কারণে আগে অনেকে জন্ম নিবন্ধন সনদ তুলতে আগ্রহী হতো না। এখন ভোগান্তি কমেছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের হল রুমে জন্ম নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের এক সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, জন্ম নিবন্ধনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলার ৪৩ ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন।





