বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।
চাঞ্চল্যকর এই ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবরে শেষবারের মতো তাদের দেখতে ছুটে এসেছেন এলাকার অনেক মানুষ।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে সাড়ে ৮টার সময় ছেলে বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসলে বাবা আনছার আলী হাওলাদার (৮৫) ছেলে হারানোর শোকে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় স্থানীয় এক চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সকাল ৯টার দিকে আনসার আলীকেও মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাতাকাটা গ্রামের আনসার আলী হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৪৮) দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৩ জানয়ারি) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বশির।
বরগুনার সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বলেন, ছেলের মৃত্যু দেখে বাবার মৃত্যু। এই জোড়া মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। আসলেই মর্মাহত হলাম! তারা বাপ-ছেলে অনেক ভালো মানুষ ছিল। আল্লাহ তাদেরকে পরপারে ভালো রাখুন।





