Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলে ব্যারিস্টার হওয়ায় গ্রামবাসীকে বিরিয়ানি খাওয়ালেন বাবা-মা

admin • 14 Oct 2023, 08:58 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছেলে ব্যারিস্টার হওয়ায় গ্রামবাসীকে বিরিয়ানি খাওয়ালেন বাবা-মা

শরীয়তপুরে ছেলে ব্যারিস্টার হওয়ার খুশিতে ২ হাজার সাধারণ গ্রামবাসীকে বিরিয়ানি-পায়েস খাওয়ালেন তার বাবা-মা। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়নের চাঁদসার গ্রামে মধ্যাহ্নভোজের পাশাপাশি সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ (জুয়েল) শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়নের চাঁদসার গ্রামের আলহাজ ইউনুছ আলী ও শামছুন্নাহার বেগম দম্পতির সাত সন্তানের মাঝে কনিষ্ঠ সন্তান।

 

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বাবার অনুপ্রেরণায় আইন শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ শাহনেওয়াজ (জুয়েল)।

 

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি অনারেবল সোসাইটি অফ ‘লিংকন্স ইন’ থেকে অসাধারণ কৃতিত্বের সঙ্গে গত ১০ অক্টোবর ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি লন্ডনের একটি চেম্বারে আইন পেশায় নিযুক্ত।

 

ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েলের কৃতিত্বে মা শামছুন্নাহার বেগম বলেন, ‘এ ডিগ্রি অর্জনে আজ সবচেয়ে খুশি হতেন শাহনেওয়াজের বাবা। স্মৃতিভ্রষ্টের কারণে তিনি জানতেও পারছেন না ছেলের কৃতিত্বের কথা।’

 

তিনি বলেন, ‘মা হিসেবে তিনি গর্বিত, শাহনেওয়াজ আইন পেশায় নিয়োজিত থেকে সাধারণ মানুষের সেবা করবে। কোনো প্রকার অন্যায় অনিয়মের সঙ্গে যেন না জড়ায় আমি এ কামনাই করি।’

 

ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল লন্ডন থেকে মোবাইল ফোনে বলেন, ‘আমার এ অর্জনের পেছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি। সুস্থাবস্থায় বাবা সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। বাবার উৎসাহ, কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় আমাকে এ ডিগ্রি অর্জনে সহায়তা করেছে। যদিও তিনি আমার এই সাফল্য সম্পর্কে অবগত নন তারপরও আমি সারা জীবন তার নির্দেশনা অনুযায়ী চলব ইনশাআল্লাহ। বাবার জীবদ্দশায় এ ডিগ্রি অর্জন করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করি।’

 

কথা বলার এক পর্যায়ে তিনি তার শিক্ষক,পরিবারের সদস্য এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড থেকে দেশে ফিরে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে আইন পেশায় নিযুক্ত করবো।’

 

পরিবার সূত্রে জানা যায়, ব্যারিস্টার শাহনেওয়াজ চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সপ্তপল্লী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও পালং উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। পরে শরীয়তপুর সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তারপর তিনি আইন বিভাগে উচ্চতর ডিগ্রি লাভের উদ্দেশ্যে ব্রিটেনে পাড়ি জমান। তিনি বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি এবং লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে এলএলএম অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

 

সবশেষে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখেন গত ১০ অক্টোবর। ওই ‍দিন বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন থেকে কল টু দ্য বার সেরিমনির মাধ্যমে মাস্টার অফ দি বেঞ্চের পক্ষে ট্রেজারার জনাথন ক্রোও (কুইন কাউন্সেল) নিকট থেকে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রির সনদ গ্রহণ করেন ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।