নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুসিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটু (১৭) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
রেজাউল ওই উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামের মো. আলীর ছেলে। সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামে বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, রোমান আমাদের কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে হঠাৎ ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে। গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুন্ডাপান্ডার ভয় দেখাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে।
পরে আমরা এলাকাবাসী সবাই উপস্থিত হলে সেখানে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুসি মারলে সে মাটিতে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ থানায় আছে, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





