এক্সক্লসিভ
চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী
admin
• 15 Apr 2026, 11:45 AM
• পঠিত 1 বার
কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়েছেন তার স্বামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে একই এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরির অভিযোগ ওঠে বদিয়া মিয়ার স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে। জমির মালিক তাকে করলাসহ আটক করে তার স্বামীকে জানায়। ওইদিন সকাল ৯টার দিকে স্বামী বদিয়া তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, প্রায়ই তার জমি থেকে করলা চুরি হয়। ওৎ পেতে থেকে বস্তায় করলাসহ ছালেহাকে আটক করে তার স্বামীকে জানায়। তার স্বামী তাকে গাছে বেঁধে পেটায়।
এ বিষয়ে কথা বলতে বদিয়া মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, চুরি করা করলাসহ ওই নারীকে জমির মালিক আটক করেন। পরে ওই নারীর স্বামী তাকে শাসন করে বাড়িতে নিয়ে যায়। তবে বাড়িতেই শাসন করা যেত।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ঘটনাটি শোনা যাচ্ছে। কেউ অভিযোগ করেনি। এটি স্বামী-স্ত্রীর বিষয়। অভিযোগ পেলে তদন্ত করা হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





