চুয়াডাঙ্গার জীবননগরে নানা অনিয়মে তিন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানেরকে ৭০ হাজার টাকা জরিমানা ও একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, এদিন জীবননগর অংকন ডায়াগনস্টিক এ্যান্ড মেডিকেল সেন্টার ল্যাবে মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিট ও মেডিসিন পাওয়া যায়, ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূতভাবে কাঁচা মাছ-মাংস, দুধ ইত্যাদি সংরক্ষণ করা, এমবিবিএস ডাক্তার ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যাতিত অন্যদের দিয়ে আল্ট্রাসনো ও এক্স-রে করানোর প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আসাদুজ্জামান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নূরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স লাইফ কেয়ার ডক্টোর'স চেম্বারের মালিক রোকিনুজ্জামান তাসিরকে ১০ হাজার টাকা জরিমানা এবং এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেয়া হয়।
এ সময় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারী পরিদর্শক মো. আনিসুর রহমান।





