চিরকুটে লিখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতের নাজির রবিউল ইসলাম (৩১) ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চিরকুটে লেখাছিল, ‘আসসালামু আলাইকুম। আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খোলা হবে। আর যদি খোলা হয় তাহলে বোমা মারা হবে।’ চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত, আইনজীবী সমিতি ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার কোন এক সময়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের দেয়ালে অজ্ঞাত কে বা কারা চিরকুট লাগিয়ে আদালতে বোমা হামলার হুমকি দিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিরকুটটি ছড়িয়ে পরার পর বিষয়টিকে তুচ্ছ মনে না করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কেউ কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আদালত প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা চিরকুট লাগিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।
১৯৮০ সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রতিষ্ঠা হয়েছিল। পরে এই আদালতকে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে রূপান্তর করা হয়।
ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের এলজিপি (সরকারি কৌসুলি) ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহান বলেন, যারা নতুন বাংলাদেশ চায় না, তারাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এমন কাজ করেছে। আদালত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ইতোমধ্যে আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আদালত কর্তৃপক্ষের নাজির রবিউল ইসলাম নামে একজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আদালত প্রাঙ্গণ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।





