Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তিন নেতাকে শোকজ

admin • 25 Apr 2024, 09:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তিন নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

ওই তিন ব্যক্তি হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির এক অংশের আহ্বায়ক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবর আলী বিশ্বাস। চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

নোটিশে আরও বলা হয়, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশ নেয়ার জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, যথাযথ কারণ দর্শীয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বরাবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

এদিকে কায়সার আহমেদ ও বাবর আলী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কেন্দ্র থেকে নোটিশ পাইনি।

অপরদিকে আনোয়ারুল ইসলাম বলেন, এখনো আমার কাছে কোনো নোটিশ আসেনি, নোটিশ আসলে দেখা যাবে।

প্রসঙ্গত, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে জেলার ভোলাহাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।