চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির কাছে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- রুবেল (৩০), জিলানি (৩৫), মাসুদ (৩৭), গিয়াস (২৯) ও মধু (৫০)। এদের মধ্যে গুরুতর আহত গোলাপকে (৫০) ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





