প্রথমে কয়েন টাওয়ার তৈরি করে তারপর চপস্টিক দিয়ে ভাত খেয়ে রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড গড়ায় আনন্দিত স্বজনরা।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা। সে এ.আর.এস মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করছেন।
জানা যায়, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখেন নিপা। আর এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে নতুন আরও একটি রেকর্ড গড়লেন। মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে ৮ বছর পর ইতালির নাগরিকের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা। এর আগের বারেও ইতালির নাগরিককেই পেছনে ফেলেন তিনি।
নিপা বলেন,, ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে রেকর্ড করেছিলাম। এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্বরেকর্ডের চেয়ে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল।
তার স্বজনরা জানান, নিপার কারণে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল হচ্ছে। অনেক ধরনের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে বলে মত তাদের।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক এস এম জাকির হোসেন বলেন, এটা নিঃসন্দেহে গোটা বরিশালের জন্য সম্মানের ও আনন্দের। এর মধ্যদিয়ে দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে নিপার মতো আরও অনেক মেয়ে আগ্রহী হবে।





