Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

admin • 03 May 2026, 06:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। গত ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা তিনদিনব্যাপী আলীকদম উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকার ১৪টি দুর্গম পাড়ায় বিশেষ টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে লক্ষ্যমাত্রার একটি বড় অংশ সফলভাবে অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলায় মোট ৮,২৭৮ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।

দুর্গম পাহাড়ি পথ ও যাতায়াতের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

টিকাদান কর্মসূচির পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের এই যৌথ উদ্যোগ দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।