টাঙ্গাইলের ঘাটাইলে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের চান্দশী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সজীব (২৬), মো. জাহিদ (৩৬), মো. সবুজ খান (৩২) ও মো. রনি মিয়া (২৯)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনের আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ঘাটাইল পৌর শহরের চান্দশী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।





