ঘন কুয়াশার কারণে দেশের তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত তিনটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে মাঝ পদ্মায় আটকা পড়ছে ছোট-বড় পাঁচটি ফেরি। দুর্ভোগে পড়েছেন নদী পার হতে না পারা যানগুলোর যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, রাত থেকেই তিন নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা না যাওয়ায় রাত তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে ঘাট কর্তৃপক্ষ জানায়।





