গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার নাকাইহাট এলাকার একটি ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম ধিরেন্দ্রনাথ সাহা (৬১)। তার মরদেহটি বিলের পানিতে ভাসমান অবস্থায় ছিল। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত হৃদয় নাথ সাহার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





