রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ নভেম্বর) গুলিস্তান টোল প্লাজার সামনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে আগুনের সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নেভানো হয়।
উল্লেখ্য, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।





