শরীয়তপুরের সদরে গুইসাপ নিচে পড়ে অটোভ্যান উল্টে হালিমা নামের এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী এলাকায় এ ঘটনা ঘটে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হালিমা আক্তার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামের রায়হান সিকদারের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে হালিমা আক্তার তাঁর পাঁচ মাসের সন্তানকে নিয়ে অটোভ্যান করে বাড়ি থেকে শরীয়তপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে বালিকুড়ি এলাকায় পৌঁছালে গুইসাপ নিচে পড়ে অটোভ্যানটি উল্টে যায়। এসময় হালিমা ও তাঁর স্বামী আহত হন। আহত অবস্থায় তাঁদের সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক হালিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তাঁরে শিশু সন্তানের কোনো ক্ষতি হয়নি।
হালিমার শাশুড়ি মাজেদা বেগম বলেন, ‘অসুস্থ নাতিকে ডাক্তারের কাছে নেওয়ার পথে গাড়ি উল্টে গিয়ে আমার ছেলের বউ হালিমা মারা গেল। মেয়েটির মা-বাবা কেউ নেই। নিজের মেয়ের মতো তাকে আমি ভালোবাসতাম। তবে আমাদের কোনো অভিযোগ নেই।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, অটোভ্যান উল্টে আহত হন হালিমা। পরে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যেনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। হালিমা কীভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত চলছে।





