গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে ও মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট ও কোনাবাড়ি খোলাপাড়া রেললাইন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল রাব্বানী। তার কানে হেডফোন লাগানো ছিল, এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাব্বানী স্থানীয় একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। অপরদিকে সকাল ৭ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।





