Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে ইউএনও অফিসে হামলা, ৫ আ. লীগ নেতা বহিষ্কার

admin • 03 Oct 2023, 10:48 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে ইউএনও অফিসে হামলা, ৫ আ. লীগ নেতা বহিষ্কার

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হেনস্থা, অফিসে হামলা ও চারজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় পাঁচ নেতা-কর্মীকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারকৃতরা নেতা-কর্মীরা হলেন- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হেকিম, সদস্য মো. আকরাম হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির ও জাইদুল।

বহিস্কারের চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার কালীগঞ্জ পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম আবু বকর চৌধুরী।

তবে ঘটনার উস্কানিদাতা মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা এখন নেওয়া হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী বলেন, পুরো বিষয়টি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ দেখছেন। এ ব্যাপারটি তারাই সিদ্ধান্ত নেবেন।

এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের ইউএনও ও উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় হামলা ও ইউএনও অফিস ভাঙচুর করা হয়। এতে আহত হন উপজেলা ইউএনওর গাড়ি চালক রুবেল হোসেন, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়াসহ চারজন। এ সময় ইউএনও লাঞ্ছিত হন।

ওই ঘটনায় পর শনিবার রাতে আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন (৪৮), মো. জাকির (৪৭), আকরাম হোসেন (৪৮), সিদ্দিকুর রহমান (৪৩), মো. কাজল (৩৪), মো. কামাল হোসেন ফরাজী, মো. হেকিম, ফয়সাল ফকির (৪৫), মো. কালাম, জাহাঙ্গীর মেম্বার, রুবেল পালোয়ান (৩২), মনির (৩৮), জাহিদুল (২৮), সিরাজ (৪৫)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।