Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

admin • 17 Aug 2023, 05:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছেন। তবে আগামীকাল শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অপরদিকে এ ঘটনায় থানায় মামলা করেছে কলেজ প্রশাসন। মামলার এজাহারভুক্ত এক আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তৃতীয় দিনের মতো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ফলে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে খুলনা মেডিকেল কলেজের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে খুলনা মেডিকেল কলেজের শিক্ষক সমিতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন খুলনার নেতারা।

দুপুর সাড়ে তিনটায় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক নেতারা বলেন, আসামি গ্রেপ্তার শুরু হওয়া, পুলিশ ক্যাম্প ও মডেল ফার্মেসি স্থাপনে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িক স্থগিত করছেন তারা। তবে শুক্রবারের মধ্যে মামলার অন্যান্য আসামি গ্রেপ্তার না হলে এবং কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প না বসলে শনিবার থেকে আন্দোলনে যাবেন তারা।

গত সোমবার রাতে খুলনা মেডিকেলের এক শিক্ষার্থী বিপ্লব মেডিসিন কর্নার নামে হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে যান। ৭০ টাকার ওষুধ কিনে ১০ শতাংশ অর্থাৎ ৭ টাকা কমিশন কম না রাখায় শিক্ষার্থীর সঙ্গে ব্যবসায়ীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের মোট ১৫-২০ জন বেশি আহত হন। ঘটনার পর দোষী শিক্ষার্থীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।

অন্যদিকে তিন দফা দাবি নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে ভোগান্তিতে পড়েন রোগীরা। বুধবার সকাল ৮টা থেকে কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।