খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল দীর্ঘক্ষণ। পরে আনসার ও ভিডিপির সদস্যরা সড়ক থেকে পাহাড়ধসের মাটি সরান। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম)।
জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) জানান, পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সংবাদ শুনে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং জেলার হিল আনসার, হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করার নির্দেশনা দেন। তাদের কঠোর পরিশ্রমে কয়েক ঘণ্টার মাঝেই সড়ক যান চলাচল শুরু হয়।





