Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব আজ

admin • 24 Mar 2024, 08:05 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব আজ

কুষ্টিয়া শহরতলির ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়ায় আজ রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এক দিনের বার্ষিক লালন স্মরণোৎসব। এরই মধ্যে এর সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

 

দূর-দূরান্ত থেকে লালন অনুসারী বাউল ও ভক্তরা আসতে শুরু করেছেন। এবারের দোলপূর্ণিমার এ উৎসবে পবিত্র মাহে রমজানের কারণে এক দিনের অনুষ্ঠান করছেন আয়োজকরা। এ কারণে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, ‘প্রতিবছরের মতো এবারও লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজনকে ঘিরে পুরো আখড়াবাড়িকে সাজানো হয়েছে। বিভিন্ন স্থান থেকে উৎসবে যোগ দিতে অসংখ্য বাউল, ভক্ত, গবেষক ও দর্শনার্থীও এসেছেন। কিন্তু পবিত্র রমজানের কারণে আমরা এবার এক দিনের উৎসব পালন করছি।

 

আজ সন্ধ্যায় ইফতারের পর আনুষ্ঠানিকভাবে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে এবং বাউল সাধুদের সেবাদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।’

আয়োজকরা জানান, ১৮৯০ সালের ১৬ অক্টোবর লালন শাহ কুষ্টিয়া শহরসংলগ্ন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি দোলপূর্ণিমার রাতে শিষ্য-ভক্তদের নিয়ে উৎসব পালন করতেন। তারই ধারাবাহিকতায় লালনের মৃত্যুর পর থেকে এই স্মরণোৎসব পালিত হয়ে আসছে।

 

লালনভক্তরা জানান, আজ থেকে ৩৬ বছর আগেও একবার পবিত্র রমজানের কারণে লালন উৎসব সংক্ষিপ্ত করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।