Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় বাউল আস্তানায় ভাঙচুর

admin • 08 Jun 2024, 05:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বাউল আস্তানায় ভাঙচুর

কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আস্তানায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ধামটিতে ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, ‘কে বা কারা, কেন এটা ভাঙল তা খতিয়ে দেখছি। হামলার সত্যতা পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, গত ৬ তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে ওই গ্রামের এক রং মিস্ত্রিকে মারধর করেন। ওই ঘটনার মামলায় নিশান আসামি। তার জের ধরেও ভাঙচুর চালানো হতে পারে।

অভিযোগের বিষয়ে নিশান বলেন, ‘কেন আমার ধামে ভাঙচুর হলো আমি জানি না।’

রোহেলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে এই বাউল বলেন, ‘আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের দ্বন্দ্ব ছিল। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানাল পাড়ে অবস্থিত ধামটি জনপদ থেকে অনেক দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু জানাতে পারেনি। তবে সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ধামে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।