Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় টমেটো চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

admin • 18 Feb 2026, 09:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় টমেটো চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

কুষ্টিয়ার গড়াই নদী তীরবর্তী এলাকায় ভেজালমুক্ত খাদ্য উৎপাদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থার উদ্যোগে “ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন” প্রকল্পের আওতায় দুই কৃষক রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই দেশি জাতের টমেটো চাষ করে বাম্পার ফলন অর্জন করেছেন।

প্রকল্পের আওতায় কৃষক মোঃ মতিয়ার রহমান ও মশিয়ার রহমান গড়াই নদীর পলিমাটিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে টমেটো চাষ করেন। জমিতে ব্যবহার করা হয়েছে জৈব সার এবং দেশীয় পদ্ধতির পরিচর্যা। ফলস্বরূপ উৎপাদিত টমেটো আকারে বড়, রঙে উজ্জ্বল এবং স্বাদে অনন্য হয়েছে। স্থানীয়দের ভাষায়, “এই টমেটো আপেল-কেও হার মানায়!”

কৃষক মতিয়ার রহমান জানান, রাসায়নিকমুক্ত পদ্ধতিতে চাষাবাদ করায় উৎপাদন খরচ কমেছে এবং বাজারে এসব টমেটোর চাহিদাও বেশ ভালো। তিনি বলেন, দেশের নদীগর্ভের উর্বর সম্পদকে কাজে লাগিয়ে ভূমিহীনদের মাধ্যমে চাষাবাদ বাড়ানো গেলে খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।

সংস্থার সভাপতি জনাব এস এম আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, ইইই বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করা, ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ করা এবং পরিবেশবান্ধব কৃষি চর্চাকে উৎসাহিত করা। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও কৃষককে এই উদ্যোগের আওতায় আনা হবে।

স্বাস্থ্যসচেতন ক্রেতাদের আগ্রহ এবং বাম্পার ফলনে কৃষকদের মুখে এখন হাসি। গড়াই তীরে ভেজালমুক্ত টমেটো চাষ স্থানীয় কৃষিতে আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।