কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ১০টি ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের একটি আভিযানিক দল। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মো. এমদাউল হক, কুষ্টিয়া কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ বিজিবি সদস্য, পুলিশের কর্মকর্তা ও ফোর্স।
পরিবেশ অধিদপ্তর জানায়, অনুমোদনহীন ও মানদণ্ডবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এবং আইন অমান্যের কারণে ভ্রাম্যমাণ আদালত ভাটাগুলো গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান বলেন, আইন না মেনে কেউ ইটভাটা চালাতে পারবে না। অবৈধ ভাটা শনাক্ত হলে এরকম অভিযান চলমান থাকবে।
স্থানীয়দের দাবি, এসব অবৈধ ভাটার ধোঁয়া ও দূষণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেন।





