কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছে। যেখানে বিশ্বের ৭৪ দেশের সঙ্গে লড়বে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ ও ক্বারি আবু যর গিফারী।
বৃহস্পতিবার আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ১৪ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।
ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম ও ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে ক্বারি আবু যর গিফারী। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা।
টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান ও দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেছে।
অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরও কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয় হয়েছি। আজকে আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশ আবারও বিশ্বজয় করতে পারে।’
প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেছে, ‘বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশ নিতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে তিনজন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশে সম্মান বয়ে বয়ে নিয়ে আসতে পারি।’
বাংলাদেশি তিন প্রতিযোগির সঙ্গে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ।’





