Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরে মামলা,গ্রেপ্তার ১

admin • 05 Dec 2023, 07:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরে মামলা,গ্রেপ্তার ১

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী আজিজুর রহমান সুমনকে (৪২) মারধরের অভিযোগে নৌকা প্রার্থীর আটজন কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই এস এম শাহীন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

গতকাল সোমবার রাত ১২টার পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

আহত সুমন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও আওয়ামী লীগের কর্মী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

এ বিষয়ে সুমন বলেন, ‘আমি সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের থানা মোড়সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় থানা মোড়ের ছমিরের চায়ের দোকানের সামনে নৌকার সমর্থক সরোয়ার, রাসেল, সোহেল, শাহীন, শফিসহ ১০-১২ জন লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে আমাকে ব্যাপক মারধর করে আহত করেছে। আমি সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’

 

তাঁর দাবি, স্বতন্ত্র প্রার্থীর ভোটের প্রচার-প্রচারণা করায় এবং অন্যান্য কর্মীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আসামিরা তাঁর ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ দ্যা মিরর অব বাংলাদেশকে  বলেন, ‘এর জবাব আমরা ভোটের মাঠে দেব।’

 

তবে এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।