ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় কুড়িয়ে পাওয়া এক লাখ ৫৭ হাজার ৭০ টাকা প্রকৃত মালিককে পৌঁছে দিতে এলাকায় মাইকিং করেছেন এক চা দোকানদার। পরে তিনি প্রশাসনের সহযোগিতায় মালিকের কাছে টাকা পৌঁছে দেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে টাকাগুলো প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়।
জানা গেছে, এক ব্যক্তি এক লাখ ৫৭ হাজার ৭০ টাকা জুবায়েরের চা-দোকানে ফেলে চলে যান। পরে জুবায়ের টাকাগুলো দেখতে পান। আত্মসাৎ না করে তিনি সঙ্গে সঙ্গে প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। প্রথমে তিনি মাইক ভাড়া করে পুরো এলাকায় ঘোষণা দেন। পাশাপাশি বিষয়টি প্রশাসনকেও অবহিত করেন এবং সহযোগিতা চান। পরে টাকার মালিক প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করলে প্রশাসনের উপস্থিতিতে তার হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়।
মো. জুবায়ের বলেন, হারামে আরাম নেই। পরিশ্রম করে আয় করে সংসার চালাই। এর মাঝে অনেক তৃপ্তি আছে। চেষ্টা করি মানুষের সুখেদুঃখে পাশে দাঁড়াতে। ওই বৃদ্ধ ভুলবশত আমার দোকানে একটি ব্যাগে টাকাগুলো রেখে চলে যান। পরে আমি অনেক চেষ্টা করে তাকে খুঁজে পাই। প্রশাসনের মাধ্যমে পুরো টাকাটা তার হাতে হস্তান্তর করি।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম বলেন, এ ধরনের সততার দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা দেয়। জুবায়েরের মতো মানুষ আমাদের সমাজের গর্ব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেখানে অর্থের লোভে অনেকেই মানবিকতা ভুলে যান, সেখানে জুবায়েরের এই উদ্যোগ সত্যিই বিরল।





