কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিস্তলসহ এক কিশোর এবং রামদা-চাপাতিসহ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা সিএনজিস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন -চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ হাসান সুমন (৪০) এবং চাঁদগ্রাম মধ্যপাড়ার ইদ্রিস আলীর ১৬ বছর বয়সী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা শাপলা চত্বর সংলগ্ন সিএনজিস্ট্যান্ডে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ইদ্রিস আলীর কিশোর ছেলে পিস্তলসহ সেখানে অবস্থান নেয়। এসময় তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে।
পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই কিশোরকে আটক করে। এসময় ঘটনাস্থলের পাশেই সাহিদ হাসান সুমনকে তার দোকান থেকে আটক করা হয়। তার দোকানে তল্লাশি চালিয়ে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই কিশোরকে আটক করা হয়। এছাড়া সুমনের দোকান থেকে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকেও আটক করা হয়।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া বাকিদের ধরতে অভিযান চলছে।





