কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে পাবনা শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় একা পেয়ে সিয়ামকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।





