Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাল থেকে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

admin • 12 Oct 2025, 09:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাল থেকে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে। শিক্ষকদের এই জোট মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদানের দাবি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে। এর আগে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল।

এদিকে, রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার করে। একই সময়ে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।

 

এর আগে, দুপুরে প্রেসক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। তবে আরেকটি পক্ষ প্রেসক্লাবের সামনের অবস্থান অব্যাহত রাখতে চান। একই সঙ্গে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

 

শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ শহীদ মিনারের দিকে চলে যাওয়ার পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের আরেকটি অংশকে সরাতে অ্যাকশনে যায় পুলিশ।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।

 

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, আমাদের শীর্ষ নেতারা এরইমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেসক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি মিছিলসহ শহীদ মিনারে চলে আসতে। আমরা এখান থেকেই আমাদের আন্দোলন পরিচালনা করব ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার আন্দোলনকে সাজাবো, ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।