বরগুনার আমতলীতে বিজয় দিবসের মেয়র নাইট কনসার্টের নামে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শনিবার রাতে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু-জাহের। এর পরই আয়োজক কর্তৃপক্ষ কনসার্ট বন্ধ করে দেয়।
জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিজয় দিবস মেয়র নাইট কনসার্টের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান।
এই কনসার্ট সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সহধর্মিণী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাধবী দেবনাথ।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘কনসার্টের নামে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় জি এম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’





