রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক প্রাইভেটকারের ধাক্কায় আরেক প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ম্যানেজার ক্যাপ্টেন হাসিব হাসান খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালী র্যাম্পের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা আরেকটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে।
এরপর পেছন থাকা আরেকটি প্রাইভেটকার গিয়ে ধাক্কা দিলে মুহূর্তে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উভয় গাড়ির সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে মহাখালী র্যাম্পের অংশে যানজটের সৃষ্টি হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পেট্রোল টিম ঘটনাস্থল থেকে প্রাইভেটকার সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।





