Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এআই দিয়ে নগ্ন ছবি ঠেকানোর আইনে বাধা হয়ে দাঁড়ালেন ইলন মাস্ক

admin • 02 Aug 2026, 07:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এআই দিয়ে নগ্ন ছবি ঠেকানোর আইনে বাধা হয়ে দাঁড়ালেন ইলন মাস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কারও পোশাক সরিয়ে ভুয়া নগ্ন ছবি তৈরি ঠেকাতে কঠোর আইন করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। তবে আইন কার্যকর হওয়ার আগেই আদালতের দ্বারস্থ হয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই। এমন তথ্য প্রকাশ করেছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ইএনগ্যাজেট।
এক্সএআই প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তার নামে নতুন আইনটি বাকস্বাধীনতার ওপর অতিরিক্ত হস্তক্ষেপ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসনের বিরুদ্ধে মামলা করেছে এক্সএআই। মামলায় সম্মতিবিহীন অন্তরঙ্গ বা যৌন ডিপফেক ছবি তৈরি করতে সক্ষম অ্যাপ ও ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী নতুন আইনকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
চলতি বছরের শুরুতে গভর্নর টিম ওয়ালজ আইনে স্বাক্ষর করেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হওয়ার কথা।
নতুন আইন অনুযায়ী, কোনো ব্যবহারকারী প্ল্যাটফর্ম ব্যবহার করে কারও সম্মতি ছাড়া যৌন ডিপফেক তৈরি করলে প্রতিটি ঘটনার জন্য সংশ্লিষ্ট ডেভেলপারকে ৫ লাখ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে।
এক্সএআই বলেছে, বাস্তব ব্যক্তির সম্মতি ছাড়া কৃত্রিমভাবে তৈরি নগ্ন ছবি ছড়ানো বন্ধ করার প্রয়োজনীয়তা তারা অস্বীকার করছে না। তবে তাদের দাবি, আইনটি সেই সীমা ছাড়িয়ে বৈধ ও সুরক্ষিত মতপ্রকাশের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের প্ল্যাটফর্মে সম্মতি ছাড়া নগ্ন বা যৌন উত্তেজক ছবি তৈরি নিষিদ্ধ। এমনকি গ্রোক ব্যবহার করে বাস্তব ব্যক্তির অন্তরঙ্গ ছবি তৈরির অভিযোগে এক ব্যবহারকারীর বিরুদ্ধেও তারা মামলা করেছে।
তবে চলতি বছরজুড়ে এক্সএআই সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তাদের প্রযুক্তি ব্যবহার করে বাস্তব নারী ও শিশুর ছবিকে যৌন উত্তেজক ছবিতে রূপান্তর করা সম্ভব হচ্ছিল। এ ঘটনায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করেছে।
আইনটি কার্যকর হলে গ্রোক ইমাজিনের কিছু ছবি সম্পাদনার সুবিধা সীমিত করতে হতে পারে বলে জানিয়েছে এক্সএআই। তাই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে এর প্রয়োগ বন্ধের নির্দেশ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেছেন, মানুষের সম্মতি ছাড়া এআই দিয়ে নগ্ন ছবি তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গভর্নর টিম ওয়ালজও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘আদালতেই দেখা হবে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।