বিএনপির অসহযোগে গেলে দলটির নেতা-কর্মীদের আমও যাবে, ছালাও যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ রোববার সকালে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে অসহযোগে গেলে আমও যাবে, ছালাও যাবে। ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এ দেশে আর ওয়ান ইলেভেন হবে না। এটা আর সম্ভব না। বিদেশে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিলে খোমেনি স্টাইলে বিপ্লব হবে না, এটা বাংলাদেশ।
ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে কাদের বলেন, ‘পিটার হাস ভারতে গেছে। সে তো এর আগে কলম্বোও গিয়েছিল। কিন্তু তাদের অবস্থান হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনে তারা হস্তক্ষেপ করবে না।’
মাদারীপুরে নির্বাচনী সহিংসতার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, কালকিনিতে সহিংতা ও হত্যাকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ সমর্থন দেবে না বলে জানান কাদের। তিনি বলেন, যারা সন্ত্রাস করে তাদের মুখে গণতন্ত্র মানায় না। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি স্ট্যান্ডার্ড মানে থাকবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকার একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়।





