Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতার অডিও ফাঁস!

admin • 06 May 2024, 03:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতার অডিও ফাঁস!

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

বিএনপি সাংগঠনিকভাবে চলমান উপজেলা নির্বাচন বর্জন করেছে। আর দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরও বহিষ্কার করা হচ্ছে। এ অবস্থায় উপজেলা নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিয়ে ভোটের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বক্তব্যে- নির্বাচনে অংশ নেয়া বিএনপি পন্থিদের পক্ষে কৌশলে স্থানীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (৬ মে) সকালে প্রতিবেদকের কাছে এসেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া ফরহাদ হোসেন আজাদের বক্তব্যের একটি অডিও রেকর্ড। বক্তব্যটি বোদা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাম্প্রতিক কোন গোপন কর্মসূচির- ধারণা করা হচ্ছে।

অডিও রেকর্ডে তাকে বলতে শোনা যায়, যারা ভোটের বিরুদ্ধে জনগণের সাথে তাদের সম্পর্ক নাই, তারা স্থানীয় রাজনীতি বুঝেনা। তারা মনে করে স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি এক, মূলত এক নয়। ইতোমধ্যে আমি এতটুকু আশ্বস্থ্য হয়েছি- এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। আমরা অনেক পজিটিভ জায়গায় আছি, তোমরা মন দিয়ে নির্বাচনটা করো আশাকরি সফল হবো।

ফরহাদ হোসেন আজাদ অডিওতে বলেন, নির্বাচনের অন্যতম ধারক, বাহক এবং শক্তি হলো- যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং মহিলাদল। বিএনপি গার্ডিয়ান হলেও সবচেয়ে বেশি ভূমিকা থাকে এই সংগঠনগুলোর। কাজেই উপজেলা নির্বাচনে যদি তোমাদের সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য অর্জন করতে পারবোনা। আজকে বোদায় যদি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দিতে পারি তাহলে অন্তত উপজেলা চত্বরে গিয়ে একটা বসার জায়গা পাবো। চেয়ারম্যানের চেম্বারে গিয়ে বসতে পারবো, এক কাপ চা খেতে পারবো। আমার থানা পুলিশে কোন সমস্যা হলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দিয়ে একটু হেমারিং করতে পারবো। কিছু উন্নয়ন মূলক কাজ করাতে পারবো। দলীয় লোকজন সুযোগ সুবিধা পাবে। কাজেই আমরা চিন্তা ভাবনা করে আমাদের প্রতিনিধিকে যদি এই জায়গায় নিয়ে যেতে পারি অন্তত এই সুবিধাগুলো আমরা পাবে।

 

তাকে আরো বলতে শোনা যায়, জনপ্রতিনিধি শূন্য একটা দল টিকে থাকা অনেক কঠিন। আমরা সমর্থক নির্ভর একটা দল, আমাদের কর্মীর চেয়ে সমর্থক বেশি। আমাদেরকে উজ্জীবিত হতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রস্তাব করছি- আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নির্বাচনে যাবো এবং আমরা প্রার্থী দিয়েছি। আমাদের অনেক নেতাকর্মী আমাদের ছোট করার চেষ্টা করবে, বলবে বিএনপি ভোট বর্জন করেছে তাও আমরা ভোট করছি। মূলত তারা কাজকে এড়িয়ে যেতে চায়। যেই যেই বিএনপি নেতা এগুলো বলবে ইনশাআল্লাহ ২১ মে’র পরে জুন-জুলাইয়ে প্রতিটি ইউনিয়ন কমিটি আমি পূণর্গঠণ করবো। যারা যারা বিভিন্ন অযুহাতে দুরে সরে থাকবে তাদের বলবো ভাই এই দলের মেইন স্ট্রিমে আপনার থাকার দরকার নাই।

 

এদিকে, ভোটে অংশ নেওয়ায় যখন নেতাদের বহিষ্কার করা হচ্ছে, তখন কৌশলে ভোটে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ফাঁস হওয়া অডিও সুপার এডিট বলে দাবি করেছেন বিএনপি নেতা আজাদ।

মুঠোফোনে তিনি বলেন, আমি নির্বাচন বর্জন বিষয়ে আলোচনা সভা করেছিলাম, সেটি আমার বাড়িতে ছোট পরিসরে করেছিলাম। এর মাঝে কে বা কাহারা এই আলোচনা সভাকে নিয়ে, আমাকে হেয় প্রতিবন্ধকতা করার জন্য এই কাজটি করেছে। এটি সুপার এডিট করে তৈরি করা হয়েছে, আর কিছু না। রেকর্ডটাতে যদি আমার পুরো বক্তব্যটা আসতো তাহলে বোঝা যেত, কিন্তু তাতে পুরো বক্তব্যটা নেই। যেটা ছড়িয়েছে এডিট করে ছড়ানো হয়েছে।

তবে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, দলের একটা সিদ্ধান্ত আছে এবং সেই মতে দল কাজ করতেছে। যারা মননোয়ন জমা দিয়েছিলো, তাদের প্রত্যাহারে আমরা চেষ্টা করেছি। সেও (ফরহাদ হোসেন আজাদ) এটাতে আমার সঙ্গে ছিলো। যারা প্রত্যাহার করেনি, তাদের বিষয়ে দল ব্যবস্থা নিচ্ছে। আমার কথা হলো- দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে যাবার কোন সুযোগ নাই। সে নির্বাচনের বক্তব্য দিছে এমন রেকর্ড থাকলে প্রমাণ সাপেক্ষে আপনারা সংবাদ প্রকাশ করেন, দল সিদ্ধান্ত নিবে। আর আমার কাছে কোন রেকর্ড আসলে সেটাও আমি নেতৃবৃন্দকে পাঠাবো।

প্রসঙ্গত, আগামী ৮ মে প্রথম ধাপে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় এবং ২১ মে দ্বিতীয় ধাপে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেয়ায় ইতোমধ্যে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়ার ৪ জন নেতাকর্মীকে অব্যহতি এবং বোদা, দেবীগঞ্জের ৫ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।