বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আজ দিবাগত রাত থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী।
এছাড়া, ৩ হাজার ৭৬৩টি অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডসহ আরও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো খুদেবার্তায় জানা গেছে, গতকাল পর্যন্ত লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে ৩ হাজার ৭৬৩টি। গুলি জব্দ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড, টিয়ার গ্যাসের শেল ২২ হাজার ১৩৯টি ও সাউন্ড গ্রেনেড ২ হাজার ১১৬টি।
এদিকে, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আজ মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। এ সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসব অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে বুধবার (৪ সেপ্টেম্বর) প্রথম প্রহর থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।





