Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০, আহত শতাধিক

admin • 06 Oct 2025, 10:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০, আহত শতাধিক

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সময় প্রায় দেড়টার দিকে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ করে পুরো কাঠামো ধসে পড়ে। এতে কয়েক শ’ কিশোর শিক্ষার্থী ও শিক্ষক ভবনের নিচে চাপা পড়েন।

 

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

 

তিনি আরও জানান, ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে, তবে ধসের সময় স্কুলটির পাশে থাকা আরেকটি ভবনও ভেঙে পড়ে। ফলে স্কুলচত্বর ও আশপাশের এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনটির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

 

অন্যদিকে, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য ভবনের ছাদে নতুন তলা নির্মাণকাজ চলছিল। কিন্তু ভবনের মূল ফাউন্ডেশন অতিরিক্ত ভার বহনের উপযুক্ত ছিল না। এই কাঠামোগত দুর্বলতাই ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।